Showing posts with label রাষ্ট্রীয়. Show all posts
Showing posts with label রাষ্ট্রীয়. Show all posts

Thursday, March 31, 2016

দাবি মানেই বিরোধীতা নয়, প্রত্যাশা ভাবুন...

সরকারের বিভাগগুলো জনবান্ধব ও দায়িত্বশীল হাওয়া জরুরি।
দাবি মানেই বিরোধীতা নয়, প্রত্যাশা ভাবুন...
প্রথমটা ছবিটা ৩০ মার্চ-র (শাহবাগে নার্সদের আন্দোলনে পুলিশ লাঠিপেটা, আহত ৩০) এবং দ্বিতীয়টা ৩১ মার্চ-র (তনুর জন্য প্রধানমন্ত্রীর দপ্তরমুখী যাত্রায় বাধা, ধস্তাধস্তিতে আহত ৪)। এ ধরনের ঘটনা শুধু আহত ও অনাকাঙ্গিত ঘটনার জন্ম দেয় না। সরকারের ভাবমুতিকে ক্ষুন্ন করে। জনগন ও সরকারের মাঝে দুরত্ব সৃষ্টি করে। আইনশৃঙ্খলার অবনতি করে। গণতান্ত্রিক রাষ্ট্রে এ অবস্থা যাতে সৃষ্টি না হয়, সে জন্য সরকারে বিভাগগুলো জনবান্ধব ও দায়িত্বশীল হাওয়া জরুরি।
জনতা অধিকার আদায়ে বা অধিকারের কথা সরকারের জানাতে নিরুপায় হয়েই এ ধরনের পথ বেছে নেয়। রাস্তায় জনতার অবস্থানের সাথে সাথে পুলিশ আসে।কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কেউ আসে না। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের সাথে সংঘাত হয়।
আমার প্রশ্ন পুলিশ যদি আসতে পারে তবে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদের আসতে সমস্যা কোথায়। নার্সদের এ আন্দোলনের খবর নিশ্চিয় সংশ্লিষ্ট বিভাগও জেনেছে। তারা তাদের একজন প্রতিনিধি পাঠিয়ে তাদের আলোচনার জন্য আহবান জানাতে পারতো। এ আন্দোলন অনেকদিনের, কেন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের আলোচনায় বসেনি।
তনু হত্যার বিচারের দাবিতে ছাত্র যদি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যায় তবে সমস্যা কোথায় ছিল? প্রধানমন্ত্রীর উপর অনেক আস্থা আছে বলেই তারা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে চায়। প্রধানমন্ত্রী দেশের নানা সমস্যা বিষয়ে যে ধরনের বক্তব্য দেন বা খোজ রাখেন। সংশ্লিষ্ট বিভাগের অধিকাংশ মন্ত্রীকেই এ ধরনের অবস্থানে দেখা যায় না।
এ ধরনের অনাকাঙ্গিত ঘটনা এড়াতে প্রধানমন্ত্রীর দপ্তর হতে একজন কর্মকর্তা তাদের কাছ হতে স্মারকলিপি নিতে আসতে পারতেন। অথবা পুলিশ তাদের একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যেতে পারেন। বিষয়গুলো খুবই সাধারণ কিন্ত জনবান্ধব চিন্তা না থাকায় বিষয়গুলো খুবই জটিল হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক একটি রাষ্ট্র। এ রাষ্ট্রে জনগণ তার অধিকারের কথা বলবেই। দাবির জন্য কথা বলা একটা সংবিধানিক অধিকার। অধিকার ও দাবি নিয়ে কথা বলা মানেই সরকারের বিরোধীতা নয়। সরকারের কাছে যখন দাবি করা হয়,তখন এটা উপলব্ধি করা প্রয়োজন সরকারের কাছে প্রত্যাশা হতেই এ দাবি করা হয়।
পরবতীতে এ ধরনের সামাজিক আন্দোলনে পুলিশের উচিত নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা। যা পুলিশের সাথে জনগনের সম্পর্ক উন্নয়ন করবে।
১) সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে, তাদের প্রতিনিধিকে আসতে বলা।
অথবা
২) আন্দোলনকারীদের প্রতিনিধিদলকে সংশ্লিষ্ট বিভাগের কাছে নিয়ে যাওয়া।
সরকারের উচিত
১) এ ধরনের ঘটনার প্রেক্ষিতে আন্দোলনকারীদের সাথে পূর্বে সংশ্লিষ্ট বিভাগ/বিভাগের দায়িত্বশীল ব্যক্তি তাদের সাথে আলোচনা করেছে কিনা বা তাদের সাথে যোগাযোগ করেছে কিনা তদন্ত করা।
২) সরকারের কোন বিভাগের কাছে এ ধরনের দাবি উত্থাপিত হলে, যদি সংশ্লিষ্ট বিভাগ তাদের কথা শুনার জন্য যোগাযোগ না করে, তবে সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

Monday, February 22, 2016

বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র আমার বাংলাদেশ

বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র আমার বাংলাদেশ
এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, আইনজীবী ও নীতি বিশ্লেষক

ছোট ছোট পায়ে পথ ধরে স্কুলে যাওয়া, সুস্বাস্থ্য আর জ্ঞান মেধায় বেড়ে উঠা পিছনে রয়েছে এই রাষ্ট্রের  লক্ষ কোটি সাধারণ মানুষের কষ্টের টাকায় গড়ে উঠা প্রতিষ্ঠান আর অবকাঠামো। অপেক্ষকৃত অনেকটা সুবিধাজনক অবস্থানে থেকে আমরা অনেকেই প্রশ্ন করি, দেশ আমাকে কি দিয়েছে? অথচ প্রশ্নটা করা উচিত আমরা দেশকে কি দিয়েছি? দেশের মানুষের জন্য কতটুকু করেছি সেই প্রশ্নটাও একবার নিজেকে করা উচিত।

দেশ অনেক এগিয়েছে, দেশ এগিয়ে যাবে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, অর্থনীতিসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ অনেক সুচকে এগিয়ে যাচ্ছে। কিন্ত এ সকল অর্জনে সুবিধা কত শতাংশ মানুষ ভোগ করছে, তা বিশ্লেষণ ও নির্ধারণ করে আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। যদি সম্পদের বন্টনের বৈষম্য অব্যাহত থাকে, তবে এ রাষ্ট্রের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।  সুচকে আমাদের উন্নয়ন হলেও সম্পদের বন্টনের ক্ষেত্রে আমাদের সুবিধাভোগীদের মানসিক দারিদ্রতা এখনো রয়ে গেছে।

নগরগুলোতে একটি বড় অংশের মানুষ বস্তিতে থাকে। নদীভাঙ্গন বা অর্থনৈতিক সুবিধার লক্ষ্যে এই নগরে আসে। চরম দরিদ্রতার সাথে রয়েছে পানি, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য সমস্যা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাষ্ট্রের অর্থে কম দামে জমি কিনে ক্ষমতাবান প্লট তৈরি করে দিয়েছে। এ নগরে ক্ষমতাবানদের জন্য একের পর এক আবাসন প্রকল্প তৈরি হলেও,  দরিদ্র বস্তি বাসীদের জন্য কোন  কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আবাসনের এই বৈষম্য অবসান করা জরুরি।

এই নগরে লক্ষ লক্ষ শিশু রয়েছে। কিন্ত এ শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য নেই পর্যাপ্ত জায়গা। ফুটপাতে প্রায় ২ লক্ষের বেশি স্থায়ী হকার রয়েছে,  যাদের উপর ১৪ লক্ষ মানুষের জীবন নির্ভর করে।  ফুটপাতের হকার উচ্ছেদ হয়। কিন্ত ফুটপাতে গাড়ী পার্কিং করে রাখতে পারে নির্বিকার ভাবে। দুই লক্ষ প্রাইভেট গাড়ীর জন্য আইন করে ঢাকার প্রতিটি বাড়ীতে, মাকের্টে পার্কিং ব্যবস্থা করা হয়েছে। এই নগরে শিশু আর হকারদের জন্য নেই পরিকল্পনা আর উদ্যোগ।

বাজেট এদেশের অর্থনৈতিক আইনী দলিল। দেশের লক্ষ কোটি সাধারণ মানুষ প্রতিনিয়ত ভ্যাট, ট্যাক্স দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করছে। অপর দিকে কিছু মানুষ ভ্যাট, ট্যাক্স না দিয়ে জমিয়ে নেয় অর্থ। প্রতিবছর বাজেটে কালো টাকাকে বৈধ করার সুযোগ দেয়া হয়, যা বাংলাদেশ সংবিধান পরিপন্থী। বাংলাদেশ সংবিধানের ২০(২) অনুচ্ছেদে বলা হয়েছে,‘‘ রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন, যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না’’। এক শ্রেণীর মানুষের কালো টাকাকে সাদা করার সুযোগের মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।এ অবস্থার অবসান হওয়া জরুরি।

বিদুৎ উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশ সংবিধানের ১৬ অনুচ্ছেদে নগর ও গ্রামের বৈষম্য দূরীকরণ, কৃষি ও শিল্প বিপ্লবের লক্ষ্যে বিদুৎতায়নের কথা বলা হয়েছে। এ দেশের নগর দোকান, বিলবোর্ড, রাস্তায় আলোক সজ্জায় যখন ভরপুর থাকে বা প্রচন্ড শীতল এসিতে যখন নগরে মানুষ আরামে ব্যস্ত। তখন অনেক গ্রামেই কৃষির জন্য নূন্যতম বিদুৎ সরবারহ করা যায় না।

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, সংক্রামক রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু মানুষের মাঝে বৃদ্ধি পাচ্ছে অসংক্রামক রোগ। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, অতিরিক্ত মোটা হওয়ার মতো অসংক্রামক রোগগুলোর বৃদ্ধি দেশের জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। কায়িক পরিশ্রম, অস্বাস্থ্যকর খাদ্যাভাস তামাক ব্যবহারের কারণে এই অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোগের রাষ্ট্রীয় ও ব্যক্তি পর্যায়ের চিকিৎসা ব্যয় অনেক। কিন্তু ব্যবসায়িক স্বার্থকে প্রাধন্য দিতে গিয়ে ক্ষতিকর পণ্যগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক শিথিলতা দেখা যায়।

সম্প্রতি দীর্ঘ ২ বছর পর তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা পাশ করা হল, যাতে তামাক কোম্পানিগুলোকে তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদানে ১২ মাসের সুযোগ দেয়া হয়েছে। এ ক্ষেত্রেও জনস্বাস্থ্যকে প্রাধান্য না দিয়ে তামাক কোম্পানির স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। রোগ প্রতিরোধ ব্যবস্থা ও জনস্বাস্থ্যকে প্রাধান্য দেয়া হয় না।

সহজ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত উন্নয়নের পূর্বশর্ত।  ঢাকা শহরের অধিকাংশ প্রায় ৯৫ শতাংশ মানুষ হেঁটে, রিকশায়, বাস, সাইকেলে চলাচল করে। রিকশায় চলাচল করে একটি বড় অংশের জনগোষ্ঠী। যানজটের অজুহাতে এ নগরের অনেক রাস্তা হতে রিকশা বন্ধ করা হয়েছে, অথচ গুটি কয়েক মানুষের বাহন প্রাইভেট গাড়ী যে কোন রাস্তায় চলতে পারে। বর্তমানে ঢাকার অধিকাংশ রাস্তায় প্রাইভেট গাড়ীর কারণে যানজট হয়। কিন্ত নগরে প্রাইভেট গাড়ী নিয়ন্ত্রণে কোন উদ্যোগ গ্রহণ করা হয় না।এ নগরে প্রাইভট গাড়ী নিয়ন্ত্রণ করে পাবলিক বাস বৃদ্ধির মাধ্যমে বৈষম্য নিরসন জরুরি।

এ দেশ এগিয়েছে, এ দেশ এগিয়ে যাবে। দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। আমরা স্বপ্ন দেখি দেশের পরিবেশ দূষণ কমে আসবে, রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রাধান্য পাবে, দেশের মানুষের কর্মমুখী শিক্ষার জ্ঞান বৃদ্ধি পাবে। আমরা সুখী কল্যাণকর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবো। দেশের স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশ উন্নয়ন হবে বৈষম্যহীন।

ছবি: ইন্টারনেট

Monday, October 13, 2008

পরিবেশ সংরক্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীকরণে এখতিয়ার


পরিবেশ সংরক্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীকরণে সরকারের এখতিয়ার
১৩ অক্টোবর ২০০৮, জাতীয় প্রেসক্লাব
জাতীয় সম্পদ সুরক্ষা মোর্চা, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)- অনুষ্ঠানে উপস্থাপিত

বাংলাদেশের উন্নয়ন প্রত্যেক মানুষের স্বপ্ন। আমরা সকলেই চাই এ দেশ এগিয়ে যাবে সুখ ও সমৃদ্ধির দিকে। সরকার এ স্বপ্ন বাস্তবায়নের অন্যতম কান্ডারী। তাই সকলের প্রয়োজন, সরকারের এ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতা করা। পরিবেশ, রাষ্ট্রীয় সম্পদ তথা রাষ্ট্র যন্ত্রের যথাপোযুক্ত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পত্তির রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে জাতীয় নিরাপত্তা বিঘিœত হবে, তাই এ সম্পত্তি রক্ষায় সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা।

রাষ্ট্রীয় সম্পত্তি বিরাষ্ট্রীকরণে প্রথমেই অর্থনৈতিক উন্নয়নের দোহাই দেওয়া হয়। এই অর্থনৈতিক উন্নয়নের সোনার হরিণের লোভে আমাদের অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিরাষ্ট্রীকরণ এবং পরিবেশ ধ্বংস করে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা হলেও দরিদ্রতা কতটুকু হ্রাস পেয়েছে বা দেশের মানুষের সত্যিকার উন্নয়ন কতটুকু হয়েছে তা বিবেচ্য বিষয়। যদি বৈদেশিক বিনিয়োগ অর্থনৈতিক উন্নয়নের সূচক ধরা হয়, তবে এখন প্রশ্ন করার সময়, বিগত দিনের বিনিয়োগের প্রেক্ষিতে কতজন মানুষের স্বাস্থ্য সেবা, শিক্ষার মতো মৌলিক প্রয়োজন মেটানোর সামর্থ রাষ্ট্রের হয়েছে। নতুন নতুন রাস্তা, দালান বা বাহারী বিজ্ঞাপন অবশ্যই রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি নয়। দেশের পিছিয়ে পড়া মানুষদের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্র কতটুকু সেবা বা সহযোগিতা প্রদান বৃদ্ধি করতে পেরেছে এটিই রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি হওয়া প্রয়োজন।

পরিবেশ সংরক্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ
পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। রাষ্ট্রীয় সম্পদের হস্তান্তরের ফলে ইতিমধ্যে আমাদের পরিবেশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশী কোম্পানি কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ তেল-গ্যাস অনুসন্ধানের নামে লাউয়াছড়া এবং মাগুরছড়ার পরিবেশ বিপর্যয় আমাদের সকলের জানা। পরিবেশ ও সম্পদ ধ্বংস করা স্বত্বেও এই কোম্পানিগুলোর বিরুদ্ধে আজ পর্যন্ত কোন আইনী প্রতিকার গ্রহণ করা সম্ভব হয়নি। বর্তমানে বেসরকারী প্রতিষ্ঠানগুলো কর্তৃক পানি ও বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছাছে। ইপিজেটগুলোর আশপাশের পরিবেশ দূষণ আরো ভয়ংকর অবস্থায় রয়েছে। এখানে বজ্য ব্যবস্থাপনার জন্যও নেই কোন সুষ্ঠ ও পরিকল্পিত ব্যবস্থা।  জনস্বাস্থ্যের উন্নয়নে পরিবেশ রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব হলেও, এ সকল খাতের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকায় সরকার কোন ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারছে না। ফয়ে’স লেক এলাকাটি কনকর্ড নামক একটি কোম্পানির হতে তুলে দেওয়া হয়েছে, এই কোম্পানি তাদের নিজ ব্যবসায়িক স্বার্থে ফয়ে’স লেকের বিভিন্ন পরিবর্তন সাধন করেছে, যা পরিবেশের জন্য মারাত্বক হুমকি স্বরূপ। সম্প্রতি শেভরন কোম্পানি ও গ্রামীণ ফোনের বিরুদ্ধে লাউয়াছড়ায় পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগ উঠা স্বত্বেও তাদের বিরুদ্ধে সরকারীভাবে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণের ফলে শুধুমাত্র পরিবেশ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, সংস্কৃতি এবং সর্বোপরি দেশের মানুষ। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকায় বিভিন্ন কোম্পানির অনিয়ন্ত্রিত এবং অনৈতিক ব্যবসায় সর্বশান্ত হচ্ছে মানুষ। সরকারী মনিটরিং সংস্থাগুলোকে সুকৌশলে দূর্বল করার মাধ্যমে চিকিৎসা, ঔষধ এবং খাদ্যের মতো অত্যাবশকীয় জিনিসগুলোকে জিম্মি করে জনসাধারণকে প্রতারিত করা হচ্ছে। শুধু তাই নয়, বিগত কয়েক বছরে বিভিন্ন সেবাখাতগুলোর উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ হ্রাস করার ফলে বিদেশী কোম্পানিগুলো যোগাযোগ, শিল্প ও বাণিজ্য খাত হতে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছে এবং সেই সাথে ধ্বংস করছে পরিবেশ ও সংস্কৃতি। কোম্পানিগুলোর অনৈতিক ও অনিয়ন্ত্রিত কার্যক্রমে বৃদ্ধি পাচ্ছে মানুষের জীবন যাত্রার ব্যয়। সংস্কার কার্যক্রমের নামে দেশের পরিবেশবান্ধব শিল্প পাটখাতকে ধ্বংস করা হয়েছে।

অর্থনৈতিক উন্নয়নের নামে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বিরাষ্ট্রীকরণ করা  হলেও এ সকল প্রতিষ্ঠানের অনেকগুলো বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক বিষয়গুলোর উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ হ্রাস পাওয়ায় অনৈতিক ব্যবসায়িক গোষ্ঠীর নিকট জিম্মি দেশের কোটি কোটি জনগণ।  বিগত দিনের অভিজ্ঞতা হতে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূল কান্ডারী সরকার কোন ধরনের শিক্ষা গ্রহণ না করে বর্তমানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণের লক্ষ্যে কোম্পানি করার প্রতিযোগিতা গ্রহণ করেছে। বিগত ২ বছরের রাষ্ট্রের বিভিন্ন সেবাখাতকে কোম্পানিতে রূপান্তর করেছে।  আর সাথে সাথেই বিদেশী কোম্পানিগুলো এখাত দখলের প্রচেষ্টায় মত্ত রয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে এখন প্রশ্ন করার বিষয়, কি ভিত্তি, কোন শক্তি এবং কিসের কারণে এই রাষ্ট্রীয় সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশের সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষেই সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। এছাড়া এ রাষ্ট্রের সকল সম্পত্তির মালিকও জনগণ। জনগণের এই সম্পত্তি জনগণের সম্মতি ছাড়া বিক্রয় কি সংবিধান সম্মত? কেননা যারা ক্ষমতায় এসে জনসাধারণের সম্মত্তি বিরাষ্ট্রীকরণ করেন তারা কি তাদের নির্বাচনী মেনুফেস্টোতে জনগণকে জানায় যে, তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রের সম্পত্তি বিরাষ্ট্রীকরণ করবে। অপরদিকে অনির্বাচিত সরকারের এ সম্পত্তি হস্তান্তরের কোন ক্ষমতা নেই, তা বলার অপেক্ষা রাখে না।

জনগণের নির্বাচিত ব্যক্তিগণ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এবং লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠদল নিয়ে সরকার গঠন করে। সরকার রাষ্ট্র পরিচালনার জন্য ব্যবস্থাপক মাত্র এবং সংসদ হচ্ছে ট্রাস্টি। জনসাধারণকে অবহিত করা ছাড়া জাতীয় সংসদ ও সরকাররের তার সম্পত্তি বিররাষ্ট্রীয়করণ এবং বিক্রয়ের অধিকার কতটুকু তা আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ বিষয়ে সুরাহা করা না হলে প্রতিনিয়ত জনগণের অধিকার ও সংবিধান লঙ্ঘিত হবে। রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণ করণের বিপক্ষে মানুষের সংখ্যা অনেক হলেও গুটিকয়েক ব্যক্তি কোন অধিকার বা আইনে বা কার প্ররোচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করে, তা রহস্যময়। যদি রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের মালিক জনগণ হয়, তবে তাদের সম্পত্তি বিক্রির ক্ষমতা ট্রাস্টি বা ব্যবস্থাপকের কোনভাবেই নেই।

রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণে লক্ষ্যে সরকারের উপর যেভাবে প্রভাব বিস্তার করা হচ্ছে:
শুধু বাংলাদেশ নয়, উন্নয়নশীল দেশগুলোর সরকার ও নীতিনির্ধারকদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে দূনীতি একটি কার্যকর অস্ত্রে পরিণত হয়েছে। ঋণপ্রদানকারী সংস্থাগুলো প্রকল্প নামধারী দূনীতি সহায়ক কার্যক্রমের মাধ্যমে দুনীতিকে প্রথমে উৎসাহীত করে। পরবর্তীতে এই দূনীতি হ্রাসের অজুহাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নীতি বিষয়ে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি, আইন, খাদ্যসহ ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই ঋণপ্রদানকারী গোষ্ঠী বিশ্বব্যাংক, আই এম এফ, এডিবির মতো প্রতিষ্ঠানগুলোর নগ্ন হস্তক্ষেপ রয়েছে। এ সকল ক্ষেত্রে তাদের পরামর্শ সংস্কার বা উন্নয়ন কার্যক্রমের নামে রাষ্ট্রীয়খাতগুলো ধ্বংস করে সৃষ্টি হচ্ছে অনিয়ন্ত্রিত বেসরকারী বিদেশী ব্যবসায়ীর ক্ষেত্র। এ প্রক্রিয়ায় ধ্বংশ করা হচ্ছে দেশীয় বেসরকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকেও।

দূর্নীতি ও অবস্থাপনা এক শব্দ নয়। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন  অব্যবস্থাপনাকে অনেক ক্ষেত্রেই ব্যাপক দূর্নীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দূনীতির মূল ক্ষেত্র উচ্চ পর্যায়ে হলেও, অনেক ক্ষেত্রেই নিম্ন পর্যায়ের অব্যবস্থাপনাকে দূর্নীতির সাথে তুলে ধরা হয়। স্বাস্থ্যখাতে দুর্নীতির একটি বড় ক্ষেত্র হচ্ছে উপকরণ ক্রয় ও অবকাঠামো নির্মাণ। অথচ এ ক্ষেত্রে দুনীতি নিয়ন্ত্রণের কোন ধরনের উদ্যোগ গ্রহণ না করে রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান হাসপাতালগুলোর অব্যবস্থাপনাকে দূর্নীতি হিসেবে অবহিত করে স্ব-শাসনের নামে বেসরকারী করার পরিকল্পনা করা হচ্ছে।

দূনীতির দোহাই তুলে রাজনীতিবিদের কোনঠাসা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনার মূল হোতা এই সংস্থাগুলো নিজে দূনীতিমুক্ত কি না, তা অনেকেরই প্রশ্ন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দূনীতি নিয়ে এই সংস্থাগুলো নিয়মিত তথ্য পরিবেশন করে। অনেকেই অভিযোগ করেন বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্র তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে এই সংস্থাগুলো। বিগত দিনে মোবাইল কোম্পানিগুলোর অতিরিক্ত বিল, ভিওআইপির মাধ্যমে দুনীতি, নাইকো, অক্সিডেন্টাল, এশিয়া এনার্জির মতো কোম্পানিগুলোর অনৈতিক ও অর্থনৈতিক বিধ্বংসী কার্যকলাপে এই ঋণপ্রদানকারী সংস্থা ও তাদের সহযোগী দূনীতি বিরোধী সংগঠনগুলো নিরব ভূমিকা পালন করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী কর্মকর্র্তাদের বিভিন্ন ঘটনা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো সরব ভূমিকা পালন করলেও বেসরকারী প্রতিষ্ঠান বিশেষ করে বিদেশী কোম্পানির অনৈতিক কার্যক্রমে নিরবতার মাধ্যমে প্রত্যক্ষভাবে সমর্থন যুগিয়ে আসছে।

বিগত দিনে এ সকল সংস্থাগুলোর প্রত্যক্ষ পরামর্শে পাটখাত, বিদুৎ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি এবং শিল্পখাতে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। অপরদিকে এই সকল খাতে বিদেশী কোম্পানিগুলোর ব্যবসা সৃষ্টি হয়েছে এবং দেশের মানুষকে জিম্নি করা হয়। অনেক বিশেষ্ণর মতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারনে অংশগ্রহনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস এবং বিদেশী কোম্পানিগুলোর ব্যবসার পরিবেশ সৃষ্টি করা এই সংস্থাগুলোর অন্যতম কার্যক্রম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে অকার্যকর প্রমানের অনৈতিক কার্যক্রম করে থাকে এ সংস্থাগুলো।

বেসরকারী খাতে র্দুনীতি নিয়ে র্দুনীতি বিরোধী সংগঠনগুলো নিরবতা:
রাষ্ট্রীয়খাতে ব্যক্তি পর্যায়ের দুর্নীতির কারণে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিরাষ্ট্রীকরণ করার পরামর্শ প্রদান করা হচ্ছে। অথচ বেসরকারীখাতে দূনীতির বিষয়ে ঋণপ্রদানকারী সংস্থা, উন্নয়ন সহযোগি এবং দূনীতি বিরোধী সংস্থাগুলো নিরব ভূমিকা পালন করছে। সম্প্রতি অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনার জন্য বিদেশী মোবাইল কোম্পানিগুলোকে জরিমানা করা হয়। অথচ বিগত কয়েক বছর ধরে কোম্পানিগুলো নগ্নভাবে এ ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের রাজস্ব ক্ষতি করলেও তাদের বিরুদ্ধে এ সকল প্রতিষ্ঠান কোন উচ্চবাচ্য করেনি বরং অনেকে এই সময় গবেষণা করে বের করেছে রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান বিটিটিবিতে কোন ব্যক্তি কি পরিমাণ দূনীতি করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তি পর্যায়ে দূনীতি করা হলেও বেসরকারীখাতে দূনীতি করা হয় কোম্পানির মাধ্যমে। কোম্পানির এ ধরনের কার্যক্রম রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। বেসরকারী কোম্পানিগুলোর বিজ্ঞাপনে/উপঢৌকনে মগ্ন থাকার কারণে অনেক দূনীতি বিরোধী ব্যক্তি ও প্রতিষ্ঠান নীরব ভূমিকা পালন করছে। কিন্তু একতরফা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচারণা রাষ্ট্রীয় সেবা খাতকে দূর্বল করছে এবং  বিদেশী কোম্পানী/প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে জনগণকে শোষণ করতে সহযোগিতা প্রদান করছে।

নীতিনির্ধারণ কার্যক্রমে বিশ্বব্যাংক, এডিবি এবং আইএমএফ-এর অনৈতিক হস্তক্ষেপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দূর্বল করছে
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিশ্বব্যাংক, এডিবি এবং আইএমএফ এর মতো ঋণ প্রদানকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংক সরকারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধির বিরোধীতা করেছে। একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রশাসনিক সিদ্ধান্তের এ ধরনের বিরোধীতা বা হস্তক্ষেপ একটি আন্তর্জাতিক সংস্থার কোনভাবেই উচিত নয়। পৃথিবীর অন্যান্য দেশে এ ধরনের সংস্থাগুলোর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও বাংলাদেশে কতিপয় আমলা, অর্থনীতিবিদ এবং সংগঠনের সহায়তায় সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারে সময় এই ঋণ প্রদানকারী সংস্থাগুলোর খবরদারি এবং হস্তক্ষেপ আরো প্রসারিত এবং নগ্নরূপ ধারণ করেছে।

দেশের জাতীয় সংসদ হতে সরকারের প্রায় প্রতিটি মন্ত্রণালয়ে প্রকল্পের নামে দূনীতি ও অর্থ অপচয়মূলক কার্যক্রমের মাধ্যমে সরকারের নীতি ও কার্যক্রমকে প্রভাবিত করছে এ সংস্থাগুলো। প্রকল্প নিয়োজিত সরকারী কর্মকর্তারা বেতন ও অন্যান্য সুবিধা পাবার লক্ষ্যে এই ঋণপ্রদানকারী সংস্থাগুলোর পরামর্শ অনুসারে সরকারী নীতিপ্রণয়ন এবং বাস্তবায়নের জন্য অভ্যন্তরীনভাবে কাজ করে। অপরদিকে প্রকল্পের বাইরের কর্মকর্তারা প্রকল্পের কাজ পাবার আশায় এ সকল সংস্থাগুলোর নীতি বর্হির্ভূত, অনৈতিক কার্যক্রমের কোন ধরনের প্রতিবাদ করে না।

বিদেশী ব্যক্তি বা রাষ্ট্রদূত বা প্রতিনিধিদের জন্য ভিয়েনা কনভেনশন অনুসরণ হলেও এই সংস্থাগুলো কোন ধরনের নীতি ও আইনের তোয়াক্কা করছে না। বিদেশী নাগরিক বা সংস্থা সুবিধা ভোগ করেও লঙ্গন করছে আইন। অর্থনীতিক পরামর্শের দোহাই দিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, সংস্কৃতি সর্বক্ষেত্রেই তারা হস্তক্ষেপ করছে। এই সংস্থাগুলোর হস্তক্ষেপ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। যদি এ সংস্থাগুলোর পরামর্শে দেশ পরিচালিত হবে তবে জাতীয় সংসদের ভূমিকা ও কার্যকারিতার প্রশ্নবিদ্ধ হবে।  দেশের সংরক্ষিত বিভাগে এ সকল বিদেশী সংস্থার নীতি প্রণয়ন বা প্রভাবক প্রকল্প বন্ধ করা উচিত। সেই সাথে নীতিগ্রহণ সংক্রান্ত কোন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিরুৎসাহিত ও সংরক্ষিত করা প্রয়োজন।

বিরাষ্ট্রীকরণ রাষ্ট্রীয় সেবা কার্যক্রম প্রশাসনকে দূর্বল করছে:
বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করার অন্যতম কারণ হিসেবে দেখানো হয় প্রশাসনিক দূর্বলতা, দূর্নীতি, অদক্ষতা। অথচ এ প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। বর্তমানে ঋণপ্রদানকারী সংস্থা এবং বিভিন্ন বেসরকারী সংগঠনগুলো সরকারী প্রতিষ্ঠানগুলোর দূর্নীতি নিয়ে অনেক সরব। কিন্তু বেসরকারী কোম্পানিগুলোর অন্যায় বাণিজ্য বা দূর্নীতি নিয়ে ঋণপ্রদানকারী সংস্থা বা বেসরকারী প্রতিষ্ঠানগুলো নীরব। প্রথমদিকে মোবাইল কোম্পানিগুলো মোবাইল সীম ও সেট এক লক্ষ টাকায় বিক্রি করেছে, বর্তমানে সেট সীম ১১০০ টাকায় বিক্রি করেছে, সীম মাত্র ৫০ টাকা। কিন্তু অভিজ্ঞতায় দেখা যায়, সরকার মোবাইল বাজারে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করায় বেসরকারী কোম্পানিগুলো তাদের দাম হ্রাস করেছে। কিন্তু তারপূর্বে কোম্পানিগুলোকে দাম কমাবার কথা বলা হলেও তারা কোন উদ্যোগ নেয়নি। সরকারকে শক্তিশালী করতে সেবা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। বর্তমানে বেসরকারী কোম্পানিগুলোর দূনীতি ও স্বেচ্ছাচারীতা এবং বাজারের লাগামহীন মূল্যবৃদ্ধি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বেসরকারীকরণ দূর্নীতি হ্রাস ও উন্নয়নের মাধ্যম নয়, বরং এই ব্যবস্থা রাষ্ট্রকে কিছু ব্যক্তি বা কোম্পানির মুখাপেক্ষী করে তোলে। এ ক্ষেত্রে রেলের মতো একটি রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীকরণ করা হলে জাতীয় নিরাপত্তাসহ অর্থনীতি বিপর্যস্ত হবে এবং জনগণ যানবাহন চক্রের কাছে জিম্মি হবে। ইতিমধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসি এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ভঙ্গুর করা হয়েছে। যা দেশের মানুষকে একটি চক্রের নিকট আবদ্ধ করেছে।

চিকিৎসা সেবাকে উদ্দেশ্য করে বেসরকারী হাসপাতাল করা হলেও বেসরকারী চিকিৎসা কেন্দ্রগুলো পরিণত হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে। হাসপাতালের সিটা ভাড়া, রুম ভাড়া, চিকিৎসা খরচ, ঔষধ খরচ, টেস্ট যে কোন খরচে কর্তৃপক্ষ তাদের লগ্নিকারী অর্থ লাভের চেষ্টায় লিপ্ত থাকেন। তাদের অর্থ লাভের চেষ্টায় পিষ্ট হয় সাধারণ মানুষ। চিকিৎসা করাতে গিয়ে অনেক সাধারণ মানুষ ও পরিবার সর্বশান্ত হচ্ছে। স্বাস্থ্য সেবার অপ্রতুলতার জন্য সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজি ও ল্যাবরেটরি প্রতিষ্ঠান। এসব প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে সেবাব নামে চালাচ্ছে রমরমা বাণিজ্য। নিম্নমানের ঔষধ আর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবন ঔষ্ঠগত। একটি কল্যাণকর রাষ্ট্রে মানুষের উপর এ ধরনের পরিকল্পিত নির্যাতন পরিচালনার অনুমোদন দিতে পারে না নির্বাচিত, অনির্বাচিত কোন সরকারই।

সম্প্রতি বিশ্বব্যাংকের পরামর্শে দেশের রাষ্ট্রয়াত ব্যাংক বিরাষ্ট্রীকরন করার প্রক্রিয়ায় কোম্পানি করা হয়েছে। এর পূর্বে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশ্বব্যাংকের পরামর্শে কোম্পানিতে রূপান্তর করা হয়। কোম্পানিতে রূপান্তরের পর এ সকল প্রতিষ্ঠান হতে হাজার হাজার লোক ছাটাই করা হয়। শুধু বর্তমান সরকার নয়, প্রতিটি সরকার বিশ্বব্যাংকের বা ঋণ প্রদানকারী সংস্থাগুলোর পরামর্শে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেছে। প্রশ্ন হচ্ছে, যে সকল লোককে ছাটাই করা হচ্ছে তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা কে দেবে? তাদের জীবন ধারন কিভাবে হবে? বিশ্বব্যাংক ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়ায় তা তাদের বিবেচ্য বিষয় নাও হতে পারে। তবে সরকার কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। জনগণের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক নেই। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের দায়িত্ব জনগণকে সেবা প্রদান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ এর মতো প্রতিষ্ঠানগুলো সরকারের সাথে জনগণের সম্পর্ক একটি ব্যবসায়িক অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। সরকারকে জনগণ অপেক্ষা ব্যবসায়িক গোষ্টীর স্বার্থ দেখতে চাপ প্রয়োগ করছে। এখনো অধিকাংশ ক্ষেত্রে নীতিনির্ধারকগণ এ সকল ঋণপ্রদানকারী সংস্থার পরামর্শ অনুসারে নীতিগ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদেশী কোম্পানিগুলোর মুনাফা বহুলাংশে বৃদ্ধি পেলে আমাদের উপর চেপেছে ঋণের বোঝা এবং বৃদ্ধি পেয়েছে দরিদ্রতা। সরকার এদের চাপে কোটি কোটি টাকা বৈদেশিক ঋণ নিলেও তার সুফল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশের মাথাপিছু গড় আয় ৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেলেও গত ৩৮ বছরে দারিদ্র্য কমেনি। দরিদ্র লোকের সংখ্যা সাড়ে ৫ কোটি থেকে বেড়ে সাড়ে ৯ কোটি ছড়িয়ে গেছে। প্রতিবছর বাড়ছে ঋণের বোঝা। বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ১১ হাজার টাকার বেশি। প্রতিবছর ঋণ পরিশোধ করতে হচ্ছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। যা দিয়ে দেশের ১ কোটির বেশি লোকের কর্মসংস্থান সম্ভব ছিল।

বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কথা আমাদের সকলের জানা। বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ হওয়ার পরও আমেরিকা, ইংল্যান্ড এর মতো দেশগুলো অর্থনৈতিক মন্দার প্রকোপ হতে রক্ষা পাচ্ছে না। এ সকল রাষ্ট্র ব্যাংক, রেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত করেছে। সম্প্রতি আইসল্যান্ড তাদের সর্ববৃহৎ ব্যাংক রাষ্ট্রায়ত করেছে। এ সকল দেশের অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার প্রেক্ষিতে সরকার রাষ্ট্রীয় কোষাগার হতে অর্থ প্রদাণ করে এর সকল প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত করেছে। আর ঠিক একই সময়ে বাংলাদেশে একের পর এক রাষ্টীয় প্রতিষ্ঠান কোম্পানি করার নামান্তরে বিরাষ্ট্রীকরণ করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ হিসেবে বুশ প্রশাসনের বিরাষ্ট্রীয়করণ নীতিকে দায়ী করা হয়। বুশ প্রশাসনের ঢালাও বিরাষ্ট্রীয়করণ নীতি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ হ্রাস করে। ফলে বর্তমান এই সংকট। বিরাষ্ট্রীয়করনের ফলে দেশের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, পরিবেশ সকল ক্ষেত্রই আজ জিম্মি অনৈতিক ব্যবসায়ীদের হাতে। খাদ্যে অযৌক্তিক মূল্য বৃদ্ধি, নিয়ন্ত্রণহীন যাতায়াত ভাড়া, চিকিৎসা খরচ বৃদ্ধি, ঔষধদের অনিয়ন্ত্রিত মূল্য, বীজ সংকট, মোবাইল কোম্পানিগুলোর অস্বাভাবিক রেট, ব্যাংকগুলোর অযৌক্তিক চার্জ, বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মানহীন শিক্ষা ব্যবস্থা ইত্যাদি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীনতার ফসল। প্রশ্ন হচ্ছে, এই অবস্থা হতে আমরা কি উত্তরন চাই? নাকি জনগনকে কোম্পানির দাসে পরিণত করতে চাই।

আজ এই মুহুর্তে তাই প্রশ্ন করার সময়, রাষ্ট্রের সম্পদ বিরাষ্ট্রীকরণ করার ক্ষমতা সরকারের কতটুকু? জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান ও সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার ক্ষমতা এই গুটিকয়েক ব্যক্তিকে কে প্রদান করেছে? সরকার নামক ব্যবস্থাপক কিভাবে জনগণের সম্পদ বিক্রি করে দিতে পারে? বিশ্ববাংক, আইএমএফ, এডিবি ও বিশ্ব বাণিজ্য সংস্থার মতো বিদেশী স্বার্থে কার্যরত প্রতিষ্ঠানগুলোর কতটুকু ক্ষমতা রয়েছে আমাদের সরকার ও  রাষ্ট্রনীতির বিষয়ে সিদ্ধান্ত প্রদানের? আমাদের সম্পদ, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে বিদেশী ঋণদাতাগোষ্ঠীর কোনরকম চাপ প্রয়োগ কঠোরভাবে দমন করতে হবে। এ সকল প্রতিষ্ঠানের অনিয়ন্ত্রিত ও অনৈতিক প্রভাব আজ দেশকে এই সংকটের দিকে নিয়ে গেছে। প্রশাসন আজ তাদের নিকট জিম্মি। প্রকল্প নামক কর্মকান্ডের অধিক বেতন ও সুবিধা দিয়ে তারা এ দেশের মানুষদেরকে দিয়ে স্বেচ্ছাচারী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যদি তাদের এ কার্যক্রম নিয়ন্ত্রণ না করা যায় তবে মহান জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে।

আমরা বিশ্বাস করি, অতীতের ভুল হতে শিক্ষা নিয়ে আমাদের রাজনৈতিক ও নীতিনির্ধারকগণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। রাজনীতিবিদই এদেশের নীতিগ্রহণ ও ভাগ্য পরিবর্তনে কাজ করবে। সরকার যাতে জনগণের সেবক হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে। ঋণপ্রদানকারী সংস্থাগুলো অযৌক্তিক প্রকল্প, সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারী কার্যক্রমের নিয়ন্ত্রণ করবে। রাষ্ট্র ও প্রশাসনে এ সকল বহিরাগতদের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ করবে। বিগত কয়েক বছরের বিরাষ্ট্রীয়করণকৃত সম্পদ রাষ্ট্রীয়করণের উদ্যোগ গ্রহণ করবে এবং বিরাষ্ট্রীয়করণের জন্য পরামর্শ প্রদানকারীদের শাস্তি প্রদান করবে। জাতীয় সংসদ হয়ে উঠবে আমাদের আস্থা ও আশার প্রতীক।